শ্রমবাজার, বাণিজ্য ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক

 প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

শ্রমবাজার, বাণিজ্য ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা জনশক্তি রপ্তানি, প্রযুক্তি সহযোগিতা, জ্বালানি খাত, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশ আরও সহজ করা, বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের বৈধতার আওতায় আনা এবং তাদের ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ বৃদ্ধি। এছাড়া বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে অধিক প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান-এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আবেদন, আঞ্চলিক বাণিজ্য জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা জোরদারের বিষয়ও আলোচনায় উঠে আসে।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সহযোগিতা বিষয়ক আরেকটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসব দলিল বিনিময় করেন।

পরবর্তীতে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন।

Advertisement
Advertisement
Advertisement