ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্প, বন্ধ স্কুল-রেল যোগাযোগ

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্প, বন্ধ স্কুল-রেল যোগাযোগ

 আন্তর্জাতিক ডেক্স নিউজ:

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ভূমিকম্পের পর শিক্ষাপ্রতিষ্ঠান, মেট্রো ও রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়। দেশটির সংবাদমাধ্যম ‘লা পাতিলা’ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনীয় সব ধরনের কার্যক্রমও আপাতত স্থগিত রাখা হয়েছে।

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করতে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেবেন বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল।

তিনি আরও জানান, রাজধানী কারাকাসের মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে বিমানবন্দরটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে অঞ্চলের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণের মধ্যেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমার এলাকার কাছে আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

প্রাথমিক মূল্যায়নে ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছে যে, এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এখনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট কোনো সরকারি হিসাব প্রকাশ করেনি।

উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement