চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল (ভ্যালুচেইন) সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চীনের সঙ্গে আরও গভীর শিল্প ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের সম্ভাবনা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরা হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

সম্মেলনে চীনের ১২৫ জন শীর্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, অবকাঠামোগত উন্নয়ন, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং সরকারের বিভিন্ন প্রণোদনা ও সুবিধা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

উপস্থাপনায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান উৎপাদন ও বিনিয়োগকেন্দ্র হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি চীনা প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন, প্রযুক্তি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং রপ্তানিমুখী শিল্প খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র ক্রমেই বিস্তৃত হচ্ছে। এ সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প খাতে যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্মেলনে দুই দেশের ব্যবসায়ী মহলের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগবান্ধব নীতিমালা চীনা বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

Advertisement
Advertisement
Advertisement