প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া পর্ব শেষে দালিয়ানে

 প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া পর্ব শেষে দালিয়ানে

মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন।

এর আগে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রার মাধ্যমে হোটেল শাংগ্রি-লায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দুই দিনের জন্য অবস্থান করবেন।

চীন সফরের শুরুতে দালিয়ানে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার সরকারি সফরের মূল কার্যক্রম শুরু হবে।

সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’ বার্ষিক সভা, অর্থাৎ ২০২৬ সালের সামার দাভোস ফোরামে অংশগ্রহণ করবেন।

কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘সোনালি ৫০ বছর’-এ পদার্পণের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, অতীতের সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।

এদিকে, মালয়েশিয়া সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং আরও দুটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়, যা পারস্পরিক সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement