যুক্তরাষ্ট্র-ইরানের সুইজারল্যান্ড বৈঠক শেষে কমেছে তেলের দাম

 প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের সুইজারল্যান্ড বৈঠক শেষে কমেছে তেলের দাম

সিঙ্গাপুর, ২২ জুন (রয়টার্স): সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শেষ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বৈঠকের পর তেহরান জানিয়েছে, দেশটি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ওপর ছাড় (ওয়েভার) পেয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়তে পারে—এমন প্রত্যাশায় তেলের দামে চাপ সৃষ্টি হয়েছে।

লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৩ ডলার কমে ৭৯ দশমিক ০৪ ডলারে নেমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের জুলাই চুক্তির দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৫৩ ডলার এবং বেশি সক্রিয় আগস্ট চুক্তির দাম ৭৫ দশমিক ৩০ ডলারে নেমে আসে।

বৈঠকের শুরুতে উত্তেজনা এবং সরবরাহ বিঘ্নের আশঙ্কায় তেলের দাম ঊর্ধ্বমুখী হলেও আলোচনা শেষ হওয়ার পর সেই উদ্বেগ অনেকটাই কমে যায়। তবে বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা পুরোপুরি শেষ না হওয়ায় বাজারে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে।

এর আগে গত সপ্তাহেও সম্ভাব্য সরবরাহ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮ শতাংশের বেশি কমেছিল। এছাড়া ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত উৎপাদন বাড়ানোর ইঙ্গিত দিয়েছে, যা বাজারে অতিরিক্ত সরবরাহের প্রত্যাশা আরও জোরদার করেছে। 

Advertisement
Advertisement
Advertisement