আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুরুত্ব পাচ্ছে বাণিজ্য ও কর্মসংস্থান সহযোগিতা

 প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুরুত্ব পাচ্ছে বাণিজ্য ও কর্মসংস্থান সহযোগিতা

ডেক্স নিউজ:

মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সঙ্গে একান্ত বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। সোমবার সকালে মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানান, দুই নেতার একান্ত বৈঠকের পর বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিদলকে নিয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দুই প্রধানমন্ত্রী।

বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হবে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, হালাল অর্থনীতির বিকাশ, বাংলাদেশি কর্মী নিয়োগ, সেমিকন্ডাক্টর শিল্পে অংশীদারিত্ব, কৃষি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

উচ্চপর্যায়ের বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন এবং বৈঠকের ফলাফল তুলে ধরবেন।

পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জোবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। এ আয়োজনে মালয়েশিয়ার খ্যাতিমান শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও উপস্থাপন করবেন।

Advertisement
Advertisement
Advertisement