খুলনায় মোবাইল মার্কেট বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় মোবাইল মার্কেট বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

মোবাইল হ্যান্ডসেটের বাজারে সিন্ডিকেট গঠনের অভিযোগ এবং আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক আরোপের প্রতিবাদে খুলনায় সব মোবাইল মার্কেট বন্ধ রেখে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। সোমবার (২৪ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ে খুলনা মহানগর মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ীরা জানান, ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, ফোনের দাম বেড়ে যাবে এবং সাধারণ ব্যবহারকারীরা প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়বেন। তাদের অভিযোগ, দেশে মাত্র ৮–৯ জন লাইসেন্সধারীর হাতে মোবাইল বাজার কেন্দ্রীভূত করে একটি প্রভাবশালী মহল সিন্ডিকেট তৈরির চেষ্টা করছে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে ভারসাম্য ও প্রতিযোগিতা বজায় রাখতে মোবাইল ব্যবসার লাইসেন্স সংখ্যা অন্তত পাঁচ হাজারে উন্নীত করতে হবে। অন্যথায় ক্ষুদ্র ব্যবসায়ীরা টিকে থাকতে পারবেন না এবং বাজারে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসায়ীরা “সিন্ডিকেট মানি না, মানব না” স্লোগান দিয়ে এনইআইআর ব্যবস্থাকে অপব্যবহার করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা বন্ধের দাবি জানান।

Advertisement
Advertisement
Advertisement