গার্ল গাইডসের ৪৫তম জাতীয় পরিষদ অধিবেশন উদ্বোধন
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের উদ্যোগে ২৭ ডিসেম্বর শনিবার সকালে ৪৫তম জাতীয় পরিষদ অধিবেশন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা, কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, একটি জাতি গঠনে পুরুষের পাশাপাশি নারীদের সক্রিয় ও দক্ষ অংশগ্রহণ অপরিহার্য। গার্ল গাইডস কিশোরীদের নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখান থেকে গড়ে ওঠা নেতৃত্ব আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে।
এসময় উপস্থিত ছিলেন কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা; কাজী জেবুন্নেছা বেগম, জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনসহ সংশ্লিষ্টরা।