১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান, স্বাগত জানালেন
প্রতিদিনের দেশ ডেস্ক প্রতিবেদন :
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকার পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন। তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে দীর্ঘ সময় নির্বাসিত ছিলেন।”
তিনি আরও বলেন, “বিগত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে আমরা আজ মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি। প্রতিটি নাগরিকের আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রকে আরও সুসংহত করবে।
নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান ও সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলা হবে, এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তারেক রহমানের অংশগ্রহণ ফলপ্রসূ হবে।