খুলনায় মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

খুলনা ব্যুরো:

খুলনা মহানগরীর চাঞ্চল্যকর শিউলি বেগম (৫০) হত্যা মামলার একমাত্র পলাতক আসামি ও তাঁর ছেলে রিয়াদ খান (১৯) কে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সিপিসি সদর কোম্পানি এবং র‌্যাব-৭ সিপিসি-১, ফেনীর যৌথ অভিযানে ফেনী সদর থানার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াদ খান খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর গ্রামের সালাউদ্দিন খানের ছেলে। মামলার তথ্যানুযায়ী, নিহত শিউলি বেগম পেশায় সৌদি আরবপ্রবাসী ছিলেন। তিনি গত ২৭ অক্টোবর দুই মাসের ছুটিতে দেশে আসেন।

র‌্যাব সূত্র জানায়, গত ১০ ডিসেম্বর দিবাগত রাতে খুলনা মহানগরীর মিউনিসিপ্যাল ট্যাংক রোড এলাকার একটি বাড়িতে অজ্ঞাত কারণে রিয়াদ খান তার মা শিউলি বেগমকে হত্যা করে পালিয়ে যান। ঘটনার পর নিহতের ছোট ভাই ডুমুরিয়া সেনপাড়া এলাকার রায়হান গাজী বাদী হয়ে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের সময় আসামির হেফাজত থেকে ২ লাখ ৫ হাজার ৮৪০ টাকা, দুটি আইফোন, একটি স্মার্টফোন ও একটি এয়ারপড জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৬ সূত্রে জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement