সংবাদ শিরোনাম

চাঁদপুরের হাইমচরে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে -নৌপরিবহন উপদেষ্টা

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁদপুরের হাইমচরে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে  -নৌপরিবহন উপদেষ্টা

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):  

গতকাল যাত্রীবাহী লঞ্চ এডভেঞ্চার-৯ ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে ঘোষের হাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ চাঁদপুরে হাইমচরের মেঘনা নদীতে গভীর কুয়াশার কারণে রাত আড়াইটার দিকে উভয় লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় লঞ্চটির চার জন যাত্রী নিহত এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম. সাখাওয়াত হোসেন আজ সকালে রাজধানীর সদরঘাটে দুর্ঘটনা কবলিত লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ পরিদর্শন করেন। তিনি সেখানে নিহত ও আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। তিনি গত রাতে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার বিষয়ে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। 

  উপদেষ্টা বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। এছাড়া, লঞ্চ দুটির মালিক পক্ষের সাথে কথা বলে দায়ী মালিক পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে ক্ষতিপূরণ প্রদান করা হবে বলেও তিনি জানান। 

উপদেষ্টা আরো বলেন, সংঘটিত লঞ্চ দুর্ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয় ইতোমধ্যে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। লঞ্চ এডভেঞ্চার-৯ এর পাঁচ জন স্টাফকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এসময় উপদেষ্টা ঘন কুয়াশার মধ্যে লঞ্চ না চালানোর নির্দেশনা প্রদান করেন। প্রত্যেক লঞ্চের ফগ লাইট ও সাইড লাইট নিশ্চিত করতে হবে। নৌপরিবহন উপদেষ্টা প্রত্যেক লঞ্চের ফিটনেস ও লাইসেন্স তদারকির জন্য নৌপরিবহন অধিদপ্তরকে নির্দেশনা প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।