সংবাদ শিরোনাম

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন ঘটেছে : মঞ্জু

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন   |   জেলার খবর

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন ঘটেছে : মঞ্জু

খুলনা ব্যুরো :

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার পূর্বাচলে আয়োজিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট নির্যাতন ও দমন-পীড়নের মধ্যেও তারেক রহমান প্রবাসে থেকেও দলের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই বিএনপি সবচেয়ে কঠিন সময় অতিক্রম করেছে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে খুলনা-২ আসনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থলে পৌঁছান নজরুল ইসলাম মঞ্জু। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।