বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ও মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
নৌপরিবহন মন্ত্রণালয়ের এনডিসি সচিব ড. নূরুন্নাহার চৌধুরী ২১ নভেম্বর শুক্রবার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। তিনি বন্দর উন্নয়ন ও যাত্রীসেবা সংক্রান্ত বিষয় নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সচিব তার আগমনের সময় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা ফুলেল শুভেচ্ছা লাভ করেন। বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, অভিগমন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ড. নূরুন্নাহার চৌধুরী সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন এবং বিশেষভাবে যাত্রীসেবা উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
পরিদর্শনকালে তিনি ইমিগ্রেশন এলাকা, জিরো পয়েন্ট, কার্গো ভ্যাহিকাল টার্মিনালসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রমের খোঁজখবর নেন। সঙ্গে ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) উপসচিব শামীম হোসেন, নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি সংস্থা, ট্রান্সপোর্ট এজেন্সি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরাও।