যশোরে লাঠির আঘাতে ইজিবাইক চালকের মৃত্যু
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
যশোর শহরের আশ্রম রোডে সহকর্মীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে লাঠির আঘাতে জাহিদ হোসেন (৪০) নামে একজন ইজিবাইক চালক নিহত হয়েছেন। ১৮ অক্টোবর শনিবার সকাল ১০টার দিকে ফারুকের গ্যারেজে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহত জাহিদ আশ্রম রোড পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে। স্থানীয়দের বক্তব্য, জাহিদ নিজের ইজিবাইক পরিষ্কার করার সময় সহকর্মী ইউসুফের সঙ্গে বাক্যবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে ইউসুফ লাঠি দিয়ে জাহিদকে আঘাত করেন, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুল জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।