খুলনায় যুবকের রহস্যজনক মৃত্যু
খুলনা ব্যুরো :
খুলনার রূপসা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আবু বকর (২৫) নামে এক যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে একটি স’মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবু বকর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা এবং মৎস্য ব্যবসায়ী নূর মোহাম্মদ টুলু বিশ্বাসের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসার প্রয়োজনে তাদের পরিবার একসময় রূপসার বাগমারা চর এলাকায় বসবাস করত। তবে বর্তমানে তার পিতার ব্যবসা কার্যক্রম বন্ধ রয়েছে এবং তিনি নিয়মিত সেখানে অবস্থান করেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আবু বকর হঠাৎ স’মিলের সামনে এসে খিঁচুনি দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর জানান, আবু বকর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবার তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের সাজা শেষে এলাকায় ফিরে তিনি পুনরায় মাদক সেবনে জড়িয়ে পড়েন।
পুলিশের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এর আগেও তিনি একবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। মরদেহ দাফনের জন্য গোপালগঞ্জে নেওয়া হয়েছে।