সংবাদ শিরোনাম

প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি -তথ্যমন্ত্রী

 প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন   |   জাতীয়

প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি      -তথ্যমন্ত্রী

ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই): 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা আর শুধু সীমান্ত পাহারা বা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে নিরাপত্তা, যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনার ধারণায় মৌলিক পরিবর্তন এসেছে। এ পরিবর্তিত বাস্তবতায় ডিজিটাল নেতৃত্ব, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতাই ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থার প্রধান ভিত্তি।

আজ রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি সরকারের তথ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল রূপান্তরের বৃহত্তর মহাপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সময়োপযোগী ও উদ্ভাবনী চিন্তার পরিচয় দিয়ে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিপুল জনবলকে প্রচলিত ধারণার গণ্ডিতে আটকে না রেখে আধুনিক প্রযুক্তি, তথ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল যোগাযোগের সঙ্গে সম্পৃক্ত করে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে আরো কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান। 

মন্ত্রী আরো বলেন, আধুনিক বিশ্বে বড় কোনো প্রতিষ্ঠানের জন্য শুধু ভৌত নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়; বরং তথ্যভান্ডার ও ডিজিটাল অবকাঠামোকে সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখাই এখন অধিক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আমাদের শিখিয়েছে যে নিরাপত্তার ধারণা এখন সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে। তিনি ডিজিটাল যুগে পুরোনো মানসিকতা থেকে বেরিয়ে এসে পরিবর্তনকে গ্রহণ করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে, এনালগ চিন্তা থেকে ডিজিটাল চিন্তায় রূপান্তর এবং ডিজিটাল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। 

জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির জগৎ কখনো স্থির নয়; এটি একটি চলমান প্রক্রিয়া। আজ যা আধুনিক, আগামীকাল তা পুরোনো হয়ে যেতে পারে। এজন্য ‘প্রান্তিক কণ্ঠস্বর’-কেও ধারাবাহিকভাবে প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক  পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন আনসারের মহাপরিচালক মেজর জেনারেল এ এম সাজ্জাদ মাহমুদ। 

প্রতিমন্ত্রী বর্তমানে গুজব ও অপতথ্যের বিস্তার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন এবং সঠিক, যাচাইকৃত ও জনস্বার্থভিত্তিক তথ্য প্রচারের মাধ্যমে প্রান্তিক কন্ঠস্বর দায়িত্বশীল গণযোগাযোগের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে তথ্যমন্ত্রী প্রান্তিক কণ্ঠস্বরের স্টুডিও ও প্রোডাকশন হাউজ ঘুরে দেখেন এবং অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

Advertisement
Advertisement
Advertisement