সংবাদ শিরোনাম

ঈদের ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু, দুই বন্দরে যানজট

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন   |   খুলনা

ঈদের ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু, দুই বন্দরে যানজট

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিন বন্ধ থাকার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে বাণিজ্য কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ফলে এ সময় বিপুল পরিমাণ পণ্যবাহী যান বন্দরের দুই পাশে জমে যায়। কার্যক্রম শুরু হওয়ায় এখন বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বেনাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ছুটির পরপরই পণ্য খালাস ও পরিবহন শুরু হওয়ায় এই চাপ তৈরি হয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, টানা সাতদিন বাণিজ্য বন্ধ থাকায় সরকার প্রায় ১২০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

অন্যদিকে, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ঈদের সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। তবে ভিসা কার্যক্রম সীমিত থাকায় যাত্রী চাপ তুলনামূলক কম ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement