চুয়াডাঙ্গায় জমি বিরোধে নিহত ১ ,আটক ২
খুলনা ব্যুরো :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম ঢালি (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শহিদুল ইসলাম স্থানীয় মওলা বক্স ঢালীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শহিদুলের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী তাদের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করলে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষ প্রাচীর ভেঙে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিরোধ মীমাংসার উদ্দেশ্যে শহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোঁটা ও বাঁশ দিয়ে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম (২৯) ও বারিক হোসেন (৪২) নামে দুইজনকে আটক করেছে। এর মধ্যে জাহিদুল ইসলাম আহত অবস্থায় হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের মৃত্যুর পর পূর্বের মারামারির মামলা হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।