কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের যোগদান

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের যোগদান

মাসুদ আল হাসান, খুলনা :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দায়িত্ব গ্রহণ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব গ্রহণের পর প্রফেসর ড. মাছুদ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কুয়েটকে একটি আধুনিক, দক্ষ ও বিশ্বমানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত সংশ্লিষ্টরা নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এর আগে কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএস-এর চেয়ারম্যান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য জার্নাল ও সম্মেলনে দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং একাধিক বই ও বুক চ্যাপ্টার রচনা করেছেন।

তিনি ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় অ্যাট এল পাসো থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।