খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার।সভা শুরুর আগে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে শহিদদের স্মরণে এক মিনিট 

নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, ওই রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বর গণহত্যা চালায়, যা Operation Searchlight নামে পরিচিত।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গণহত্যার মতো অপরাধের পরিণতি কখনও ভালো হয় না। শহিদদের আত্মত্যাগ জাতিকে চিরকাল প্রেরণা জোগাবে। তিনি দেশপ্রেম, মানবপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, কেএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরানসহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে জেলার শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।