সংবাদ শিরোনাম

শ্যামনগরে ব্যতিক্রমী কলসবন্ধন, সুপেয় পানির দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন   |   খুলনা

শ্যামনগরে ব্যতিক্রমী কলসবন্ধন, সুপেয় পানির দাবিতে মানববন্ধন

খুলনা ব্যুরো :

সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসন ও পানি বাণিজ্য বন্ধের দাবিতে ব্যতিক্রমী “কলসবন্ধন” কর্মসূচি পালন করেছেন উপকূলীয় বাসিন্দারা। বিশ্ব পানি দিবস উপলক্ষে “পানি ও লিঙ্গ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২২ মার্চ) বেলা ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরা-এর সহযোগিতায় উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টীম এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে স্থানীয় শতাধিক নারী ও যুব-তরুণী খালি পানির কলস হাতে নদীর তীরে অবস্থান নেন। তারা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না”, “পানি বাণিজ্যিকরণ বন্ধ করো” এবং “আর কতকাল লবণ পানি খেতে হবে?”—এমন স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। ফলে অনেক পরিবারকে বাধ্য হয়ে টাকা দিয়ে পানি কিনে ব্যবহার করতে হচ্ছে, যা নিম্নআয়ের মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পানি বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।