ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে খুলনায় ট্রাফিক তৎপরতা;পরিদর্শনে কেএমপি কমিশনার
খুলনা ব্যুরো :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন, স্বস্তিদায়ক ও নিরাপদ করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন কেন্দ্রগুলোতে ইতোমধ্যে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে, যাতে অতিরিক্ত যানবাহনের চাপেও যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।
এরই অংশ হিসেবে বুধবার (১৮ মার্চ) দুপুরে নগরীর গুরুত্বপূর্ণ যানবাহন কেন্দ্র সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
পরিদর্শনকালে তিনি সার্বিক ট্রাফিক পরিস্থিতি, যাত্রীসেবা, টিকিট ব্যবস্থা, অতিরিক্ত ভাড়া আদায় এবং শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তি, অভিযোগ ও প্রত্যাশার বিষয়গুলো শুনেন।
কমিশনার যাত্রীদের নির্ধারিত ভাড়া প্রদান, টিকিট সংরক্ষণ এবং কোনো অনিয়ম চোখে পড়লে নিকটস্থ পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানান। একই সঙ্গে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা-সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।