সংবাদ শিরোনাম

খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি'র নতুন পরিকল্পনার উদ্যোগ

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি'র নতুন পরিকল্পনার উদ্যোগ

খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশন-এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেছেন, এ খাতকে ঢেলে সাজাতে শিগগিরই বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।


মঙ্গলবার দিনব্যাপী নগরীর বিভিন্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শনকালে তিনি স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে একটি কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা হবে এবং সেই অনুযায়ী কনজারভেন্সি বিভাগ পুনর্গঠন করা হবে।

ঈদকে সামনে রেখে নগরবাসীর ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিদ্যমান এসটিএসগুলোর দ্রুত সংস্কার কাজ শুরুর ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি দৌলতপুর, কবির বটতলা, গোয়ালখালী, খালিশপুরসহ নগরীর বিভিন্ন এলাকার এসটিএস ঘুরে দেখেন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।