সংবাদ শিরোনাম

আজ থেকে টানা ৭ দিনের ঈদ ছুটি শুরু

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন   |   খুলনা

আজ থেকে টানা ৭ দিনের ঈদ ছুটি শুরু

খুলনা ব্যুরো :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। সোমবার (১৬ মার্চ) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। এরপরই বিকেল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন সড়ক ও নদী পথে ঘরমুখো মানুষের ঢল নামে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল। এর মধ্যে ঈদের দিন ২১ মার্চ সাধারণ ছুটি এবং ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চও অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। ফলে ১৭ মার্চ শবে কদরের ছুটিসহ সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটির সুযোগ পাচ্ছেন।

এর আগে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ১৮ মার্চ ছুটি ঘোষণার দাবি ওঠে। পরবর্তীতে ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হয় এবং ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে দিনটিকে ছুটি ঘোষণা করে।

তবে এই ছুটির আওতার বাইরে থাকবে জরুরি সেবা খাত। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও জরুরি চিকিৎসা, টেলিযোগাযোগ, বন্দর ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সংশ্লিষ্ট সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement