সংবাদ শিরোনাম

খুলনায় এক যুবক গুলিবিদ্ধ , ঘটনাকে ঘিরে ভিন্ন তথ্য

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন   |   খুলনা

খুলনায় এক যুবক  গুলিবিদ্ধ , ঘটনাকে ঘিরে ভিন্ন তথ্য

খুলনা  ব্যুরো :

খুলনা নগরীতে গুলিবিদ্ধ হয়ে ইমন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরীর লবণচরা থানাধীন মুজাহিদপাড়া সংলগ্ন একটি মাঠে এ ঘটনা ঘটে। আহত ইমন টুটপাড়া জোড়াকল বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, মুজাহিদপাড়ার একটি ফাঁকা মাঠে ইমনসহ আরও দু’জন যুবক অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত নিজের অস্ত্র থেকে ছোড়া গুলিতে তিনি আহত হন। গুলিটি তার বাম পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়। ঘটনার পর তার সঙ্গে থাকা দুই যুবক তাকে ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয়দের সহায়তায় আহত ইমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার পা থেকে গুলি অপসারণের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে স্থানীয়দের একটি অংশের দাবি, ইমন মাঠে ঘুড়ি উড়াচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আসা ৭–৮ জন হেলমেটধারী অস্ত্রধারী অন্য একজনকে লক্ষ্য করে গুলি চালায়। লক্ষ্যভ্রষ্ট একটি গুলি ইমনের হাঁটুতে লাগে বলে তারা জানান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আহত যুবক সুস্থ হলে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।