সংবাদ শিরোনাম

কুয়েটের নতুন উপাচার্য হলেন ড. মাছুদ

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটের নতুন উপাচার্য হলেন ড. মাছুদ

মাসুদ আল হাসান, খুলনা :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

ড. মাছুদ একজন বিশিষ্ট গবেষক। তার দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল ও আন্তর্জাতিক সম্মেলনে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তার একাধিক বই ও বুক চ্যাপ্টারও রয়েছে।

তিনি জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে ২০০৩ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া নাসা-অর্থায়িত একটি অ্যারোস্পেস গবেষণা কেন্দ্রে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ে তিনি পাঠদানও করেছেন।

ড. মাছুদ ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং একই বছর প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১১ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

এর আগে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএসের চেয়ারম্যান এবং বিভিন্ন মেয়াদে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তাকে প্রথমবার কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ছাত্ররাজনীতি ঘিরে সংঘর্ষ ও শিক্ষার্থীদের আন্দোলনের পর গত ২৫ এপ্রিল তাকে ওই পদ থেকে অপসারণ করা হয়।

Advertisement
Advertisement
Advertisement