সংবাদ শিরোনাম

খুলনায় মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

খুলনা মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

সভায় শুরুতে বিগত সভার সিদ্ধান্ত ও সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক), খুলনা বিআরটিএ, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা বিশ্ববিদ্যালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর, নিরাপদ সড়ক চাই সংগঠন এবং খুলনা বাস ও ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরা।

আলোচনায় বাস টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধ, ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ এবং মেরামতের ওয়ার্কশপগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার বিষয় উঠে আসে। এছাড়া ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বা মালামাল পরিবহন না করা, পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন প্রতিরোধ, নির্ধারিত স্থান ছাড়া পার্কিং না করা এবং যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় সড়কের দুই পাশে অস্থায়ী ও ভাসমান বাজার অপসারণ, নগরীতে অতিরিক্ত ইজিবাইক নিয়ন্ত্রণ, তাবলীগ মসজিদের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার এবং শেরেবাংলা সড়কে অবাধে গরু চলাচল বন্ধের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া নসিমন, করিমন ও থ্রি-হুইলার যানবাহন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ নিশ্চিত করার বিষয়ে আলোচনা শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।