সংবাদ শিরোনাম

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

খুলনা ব্যুরো :

খুলনার দৌলতপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাসিকুল আনাম রাসু নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে কেডিএ কল্পতরু মার্কেটের কাছে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত রাসিকুল আনাম রাসু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। রাজনীতির পাশাপাশি তিনি ইট ও বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি রাসুর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।