সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ চেক প্রদান
খুলনা ব্যুরো :
সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মণ্ডলের পরিবারের কাছে ৩ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরে বাগেরহাটে সুন্দরবন পূর্ব বন বিভাগ কার্যালয়ে নিহত জেলের মা বামনী মণ্ডলের হাতে এই চেক তুলে দেন বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী। এসময় চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরোজিত চৌধুরীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বন বিভাগ জানায়, খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের বাসিন্দা জেলে সুব্রত মণ্ডল (৩২) বৈধভাবে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত হন। গত বছরের ৩০ সেপ্টেম্বর করমজল খাল সাঁতরে বাড়ি ফেরার সময় একটি কুমির তাকে টেনে নিয়ে যায়। পরদিন রাতে স্থানীয়রা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
বন বিভাগ আরও জানায়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী সুন্দরবনে বাঘ বা কুমিরের আক্রমণে নিহতদের পরিবারকে ৩ লাখ টাকা এবং গুরুতর আহতদের ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। তবে বৈধ পারমিট ছাড়া সুন্দরবনে প্রবেশ করলে এই সহায়তা পাওয়া যায় না।