শিবগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উন্নয়ন কার্যক্রম জোরদারের আশ্বাস

 প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন   |   রাজশাহী

শিবগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উন্নয়ন কার্যক্রম জোরদারের আশ্বাস


মোঃ জালাল উদ্দীন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর এলাকায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে (রোববার) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, সাত ভাইয়া পাড়া থেকে খোনাপাড়া পর্যন্ত সড়কসহ এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট-বড় সড়কের নির্মাণ ও সংস্কার কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ধাপে ধাপে ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

সংসদ সদস্য ড. কেরামত আলী বলেন, “আমি কোনো নির্দিষ্ট দলের সংসদ সদস্য নই; আমি শিবগঞ্জের সকল মানুষের প্রতিনিধি। দল-মত নির্বিশেষে জনগণের কল্যাণে এবং এলাকার সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঘোষিত চেয়ারম্যান মো. জাফর ইকবাল। তিনি ইউনিয়নের বিভিন্ন সড়ক, যোগাযোগ ব্যবস্থা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরে দ্রুত সমাধানের জন্য সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৌহার্দ্য, সম্প্রীতি ও উন্নয়ন প্রত্যাশার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Advertisement
Advertisement
Advertisement