চাঁপাইনবাবগঞ্জে মাদক রেখে ফাঁসানোর প্রতিবাদ ও কৃষকের মুক্তির দাবীতে মানববন্ধন
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য রেখে ফাঁসানোর প্রতিবাদ ও কৃষকের মুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, টোলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন হারুন, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, আনসার ভিডিপির মোবারকপুর ইউনিয়নের টিম লিডার শামশুল হক, প্রভাত দাস ও বিকাশ কুমার দাসের স্ত্রী দীপালি রাণী দাসসহ অন্যরা। মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে দীপালি রাণী দাস বলেন, আমার স্বামী একজন কৃষক। জমি থেকে ঘাস কেটে শুধু গরু লালন পালন করে। অথচ গত ২৪ এপ্রিল কে বা কারা আমার বাড়ির দরজার সামনে মাদক রেখে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে। সহজ সরল ও নিরপরাধ স্বামী বিকাশ দাসের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী করছি।
পরিকল্পিতভাবে কৃষককে ফাঁসানো হয়েছে উল্লেখ করে বক্তারা- সুষ্ঠু তদন্তের মাধ্যমে মুক্তির দাবী জানান।