প্রবাসে স্বামী, স্ত্রীর গর্ভে আট মাসের সন্তান
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে পারিবারিক একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর ধরে স্বামী বিদেশে থাকার সময় তার স্ত্রী ডলি বেগম আট মাসের অন্তঃসত্ত্বা হন। বিষয়টি জানাজানি হলে গ্রামে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, একই গ্রামের বাসিন্দা সেরাজুল ইসলামের ছেলে কালামের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।
এ তথ্য প্রবাসী স্বামী আনারুল ইসলামের কাছে পৌঁছালে পারিবারিক বিরোধ তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে আনারুল ইসলাম স্ত্রীকে তালাক দেন বলে জানা গেছে।
পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ডলি বেগমকে কালামের বাড়িতে পাঠানো হয়। শুরুতে কালাম অভিযোগ অস্বীকার করলেও পরে বিষয়টি স্বীকার করেন। স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে চার লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়।
এছাড়া, ডলির গর্ভের সন্তান জন্মের পর তাকে একটি নিঃসন্তান দম্পতির কাছে দেওয়ার বিষয়ে উভয় পক্ষের সম্মতিতে হলফনামা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার প্রায় দুই মাস পর বৃহস্পতিবার রাতে ডলির পরিবার তাকে পুনরায় প্রবাসী আনারুল ইসলামের বাড়িতে রেখে গেলে এলাকায় আবার উত্তেজনা তৈরি হয়।
এ ঘটনায় আনারুল ইসলামের ছেলে তুষার আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।