সাও পাওলোতে ভারী বৃষ্টির সতর্কতা, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা
শাহনুর রুমেন | সাও পাওলো (ব্রাজিল)
১৫ আগস্ট ২০২৬ ব্রাজিলের সাও পাওলো শহরে শনিবার সকালে ভারী বৃষ্টির কারণে তীব্র আবহাওয়া সতর্কতা জারি করেছে রাজ্যটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ (Defesa Civil)। বিশেষ করে শহরের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রপাত, দমকা বাতাস এবং শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
সকাল প্রায় ৮টার দিকে বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। একই সময়ে সাও পাওলো সিটি কর্তৃপক্ষের আবহাওয়া জরুরি ব্যবস্থাপনা কেন্দ্র (CGE) শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে। সকাল ৭টা ৪৫ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিট পর্যন্ত শহরটি জলাবদ্ধতার জন্য ‘অ্যাটেনশন’ পর্যায়ে ছিল।
আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে রয়েছে একটি শীতল ফ্রন্টের প্রভাব। শুক্রবারের তুলনায় শনিবার শহরের তাপমাত্রা কমেছে এবং সকাল থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়তে দেখা গেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া কর্তৃপক্ষের পূর্বাভাস অনুযায়ী, দিনের পরবর্তী সময়ে মেঘ কিছুটা কমতে পারে। তবে শহরের দক্ষিণাঞ্চলে দিনের শেষভাগে আবারও মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কর্তৃপক্ষের পরামর্শ, বজ্রপাত ও প্রবল বাতাসের সময় নিরাপদ স্থানে অবস্থান করা এবং গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে দূরে থাকা। জলাবদ্ধ সড়ক দিয়ে চলাচলের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।