ইরানের হরমোজগানে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের হরমোজগান প্রদেশের আকাশসীমায় অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মহাকাশ ও বিমান বাহিনী।
শুক্রবার তেহরানভিত্তিক তাসনিম নিউজ জানায়, আইআরজিসির একটি নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করেছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে পরিচালিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমোজগান প্রদেশের আকাশে অনুপ্রবেশের পর ড্রোনটিকে প্রতিহত করে আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনী। তবে ড্রোনটি ঠিক কোথায় এবং কীভাবে ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে গত মাসেও একই ধরনের একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল আইআরজিসি। গত ১৯ জুলাই সংস্থাটি জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের আকাশে ড্রোনটি ধ্বংস করা হয়।
সেবারও আইআরজিসি বলেছিল, নতুন একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ওই ব্যবস্থাটিও দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে পরিচালিত হচ্ছিল বলে জানানো হয়।