আঞ্চলিক নিরাপত্তায় রাশিয়া-উত্তর কোরিয়া সমন্বয় বাড়ছে

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

আঞ্চলিক নিরাপত্তায় রাশিয়া-উত্তর কোরিয়া সমন্বয় বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক:

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়া ও উত্তর কোরিয়া সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ শনিবার এ তথ্য জানিয়েছে।

কোরিয়ার জাপানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশ ‘গঠনমূলক যৌথ কাজ’ অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদী।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও উত্তর কোরিয়া সব ক্ষেত্রেই সহযোগিতা করছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিজেদের প্রচেষ্টা সমন্বয় করছে।

শুক্রবার কিম পিয়ংইয়ংয়ের লিবারেশন টাওয়ারে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে লড়াই করা সোভিয়েত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে তাঁর নামে দেওয়া পুষ্পস্তবকে লেখা ছিল, ‘আমরা সোভিয়েত সেনাবাহিনীর শহীদদের অবদান ভুলব না।’

কিম বলেন, দুই দেশের রক্তের বন্ধন ও যুদ্ধকালীন বন্ধুত্বের ঐতিহ্য এখন তাদের ক্রমবর্ধমান সম্পর্কের ভিত্তি হয়ে উঠেছে।

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও কিমকে শুভেচ্ছা জানিয়েছেন বলে কেসিএনএ জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধ ঘিরে উদ্বেগ

পুতিনের বার্তা এবং কিমের সোভিয়েত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর ঘটনা মস্কো ও পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠ হয়ে ওঠা সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার রাশিয়াকে সহায়তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আগে থেকেই উদ্বেগ রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একাধিকবার অভিযোগ করেছেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। পিয়ংইয়ং মস্কোকে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেওয়ার পাশাপাশি যুদ্ধে আরও সেনা পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া উত্তর-পূর্ব এশিয়াকে পরস্পরবিরোধী দুটি জোটের প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে তুলে ধরতে চাইছে। এর মাধ্যমে নিজেদের অস্ত্র কর্মসূচির পক্ষে যুক্তি জোরালো করার পাশাপাশি চীন ও রাশিয়ার সমর্থন আরও শক্তিশালী করার চেষ্টা করছে পিয়ংইয়ং।

Advertisement
Advertisement
Advertisement