হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ, দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রয়েছে এবং কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর ইরানি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়ি।
শুক্রবার তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দেওয়া বিবৃতি বা ঘোষণার ওপর নির্ভর না করে সরেজমিনের বাস্তব পরিস্থিতি দেখেই জলপথটির অবস্থা বিচার করা উচিত।
আইআরজিসি নৌবাহিনীর এই কমান্ডার বলেন, কৌশলগত এই জলপথ এখনো বন্ধ এবং এর মধ্য দিয়ে চলাচলকারী সব ধরনের নৌযানের ওপর ইরানি বাহিনীর পূর্ণ ও নির্ণায়ক নিয়ন্ত্রণ রয়েছে।
তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালীর কোনো নৌযানের গতিবিধিই আইআরজিসির নৌবাহিনীর নজর এড়িয়ে যেতে পারে না।
ওজমায়ি আবারও বলেন, হরমুজের প্রকৃত পরিস্থিতি বুঝতে হলে মাঠপর্যায়ের কার্যক্রম ও বাস্তবতা বিবেচনায় নিতে হবে, মার্কিন কর্মকর্তাদের দেওয়া বক্তব্য নয়।