সংবাদ শিরোনাম

২৪ ঘণ্টায় মিয়ানমারে দুই ভূমিকম্প, বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই

 প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় মিয়ানমারে দুই ভূমিকম্প, বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই

ডেক্স নিউজ:

মিয়ানমারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ শনিবার (১১ জুলাই) ভোররাতে দেশটির বিভিন্ন এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। তবে দুটি ঘটনায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, শনিবারের ভূমিকম্পটি ভারতীয় সময় (আইএসটি) রাত ১২টা ২০ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯০ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থলের স্থানাঙ্ক ছিল ২১.৬৯৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪.৫০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে (আইএসটি) দেশটিতে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এনসিএসের তথ্য অনুযায়ী, ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার নিচে।

বিশেষজ্ঞদের মতে, মিয়ানমার ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্যতম একটি দেশ। ভারতীয়, ইউরেশীয়, সুন্দা ও বার্মাএই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় দেশটিতে প্রায়ই ভূ-অভ্যন্তরীণ চাপের সৃষ্টি হয়। এ কারণে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের পাশাপাশি দীর্ঘ উপকূলীয় এলাকায় সুনামির ঝুঁকিও বিদ্যমান।

যদিও সর্বশেষ দুটি ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে।

তথ্যসূত্র: এএনআই

Advertisement
Advertisement
Advertisement