সংবাদ শিরোনাম

হাজার বছর পর ব্রিটেনে ফিরল ঐতিহাসিক বায়্যু ট্যাপেস্ট্রি

 প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

হাজার বছর পর ব্রিটেনে ফিরল ঐতিহাসিক বায়্যু ট্যাপেস্ট্রি

আন্তর্জাতিক ডেস্ক:

প্রায় এক হাজার বছর পর ইতিহাসের এক অমূল্য নিদর্শন আবারও পৌঁছেছে ব্রিটেনে। ফ্রান্স থেকে কঠোর নিরাপত্তার মধ্যে গোপনে আনা হয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত মধ্যযুগীয় শিল্পকর্ম বায়্যু ট্যাপেস্ট্রি। এই ঘটনাকে ফ্রান্স-যুক্তরাজ্য সম্পর্কের নতুন ইতিবাচক অধ্যায়ের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাতে ৭০ মিটার দীর্ঘ এই ঐতিহাসিক ট্যাপেস্ট্রি নিরাপত্তাবেষ্টিত বিশেষ ব্যবস্থায় লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে পৌঁছায়। প্রায় ১১ ঘণ্টার সড়কপথের পুরো যাত্রার তথ্য নিরাপত্তার কারণে গোপন রাখা হয়েছিল। আগামী জুলাই ২০২৭ পর্যন্ত এটি সেখানে প্রদর্শিত হবে।

উলের সুতা দিয়ে লিনেন কাপড়ে তৈরি এই ট্যাপেস্ট্রিতে ১০৬৬ সালের নরম্যানদের ইংল্যান্ড বিজয়ের ইতিহাস তুলে ধরা হয়েছে। এতে ৫৮টি দৃশ্যে যুদ্ধ, ভোজসভা, জাহাজ, সশস্ত্র যোদ্ধা এবং শেষ পর্যন্ত ঐতিহাসিক ব্যাটল অব হেস্টিংস-এর ঘটনাগুলো ফুটে উঠেছে। সেই যুদ্ধে নরম্যান্ডির ডিউক উইলিয়াম, অ্যাংলো-স্যাক্সন রাজা হ্যারল্ডকে পরাজিত করে ইংল্যান্ডের প্রথম নরম্যান রাজা হন।

বিশেষজ্ঞদের মতে, ট্যাপেস্ট্রিটি সম্ভবত প্রায় এক হাজার বছর আগে ইংল্যান্ডেই তৈরি হয়েছিল। পরে এটি ফ্রান্সে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হয়, উইলিয়ামের সৎভাই বায়্যুর বিশপ ওডোর উদ্যোগে এটি তৈরি করা হয়েছিল এবং ইংল্যান্ডের নারীরাই—সম্ভবত সন্ন্যাসিনীরা—এটি বুনেছিলেন।

এই ঐতিহাসিক শিল্পকর্মের বিনিময়ে ব্রিটিশ মিউজিয়াম ফ্রান্সকে ইংল্যান্ডের বিখ্যাত সাটন হু-এর অ্যাংলো-স্যাক্সন যুগের প্রত্নবস্তু ধার দেবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই বিনিময়কে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও ভবিষ্যৎ সহযোগিতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। ইতোমধ্যে ব্রিটিশ মিউজিয়ামে ট্যাপেস্ট্রিটি দেখতে হাজারো দর্শনার্থী আগাম টিকিট সংগ্রহ করেছেন।

সূত্র:আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement