খুলনায় নগর উন্নয়ন ও কর্মচারী কল্যাণে নতুন উদ্যোগ

অনলাইন ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

জেলার খবর

খুলনায় নগর উন্নয়ন ও কর্মচারী কল্যাণে নতুন উদ্যোগ

খুলনা ব্যুরো প্রধান :

খুলনা সিটি কর্পোরেশনের ৯ম কমিটির সভা ৩০ অক্টোবর বৃহস্পতিবার নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রশাসক মো: ফিরোজ শাহ্ সভায় সভাপতিত্ব করেন। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)(২) মোতাবেক গঠিত এই কমিটি নগরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কর্মচারী কল্যাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সভায় বটিয়াঘাটার কৃষ্ণনগর মৌজায় নদী তীরবর্তী ০.৯০ একর জমি গ্যারেজ নির্মাণের জন্য অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রূপসা মহাশ্মশানে মোরনার্স ওয়েটিং হল নির্মাণের জন্য পুরাতন ভবন অপসারণ করা হবে।

ওয়ার্ড অফিসের অফিস সহায়কদের অফিস ড্রেস ও শীতকালীন পোশাক এবং নিরাপত্তা প্রহরীদের শীতকালীন পোশাক সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এছাড়া কেসিসি’র বিভিন্ন শাখার আবেদন ফরমের মূল্য পুনঃনির্ধারণ এবং নগরের ৩১টি ওয়ার্ড অফিসসহ নগর ভবন ও খালিশপুর শাখা অফিসে সিটিজেন চার্টার স্থাপনের জন্য একক ডিজাইন নির্ধারণ করা হয়েছে। চরের হাট রোডে ১৩ নং ওয়ার্ড অফিস নির্মাণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণের জন্য বাজেট কাম একাউন্টস অফিসারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমানের নেতৃত্বে প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ, বন, পরিবেশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সরকারি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।