আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজিরা আজ
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও নির্যাতন
এবং জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অভিযুক্ত সাবেক ও বর্তমান
২৫ সেনা কর্মকর্তাসহ মোট ৩২ আসামি আজ (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর
গাজী মোনাওয়ার হুসাইন তামীম মঙ্গলবার এক ব্রিফিংয়ে জানান, ‘আসামিরা চাইলে স্বেচ্ছায়
হাজির হতে পারেন। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে আদালতে
নিয়ে আসবে।’ তিনি আরও বলেন, ‘জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
অধীনে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তারা কোন কারাগারে থাকবেন।’
মামলা তিনটির মধ্যে দুটি ঘটেছে আওয়ামী লীগ সরকারের
শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায়, আর একটি মামলা জুলাই আন্দোলনের সময় রাজধানীর
রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনা নিয়ে।
প্রসিকিউটর তামীম জানান, ট্রাইব্যুনালের পক্ষ
থেকে বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ‘আজ
ট্রাইব্যুনালে এই তিনটি মামলার নির্ধারিত তারিখ রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর
করার জন্য পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও
পরোয়ানার কপি পাঠানো হয়েছে,’ তিনি বলেন।
আইন অনুযায়ী, আসামিরা ট্রাইব্যুনালে হাজির হয়ে
জামিনের আবেদন করতে পারেন। তবে যদি তারা হাজির না হন বা হাজির করা না যায়, তবে দুটি
জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদের হাজির হওয়ার নতুন তারিখ নির্ধারণ
করা হবে। এরপরও হাজির না হলে, তারা পলাতক ঘোষণা করা হবে এবং রাষ্ট্র নিযুক্ত আইনজীবী
তাদের পক্ষে মামলা পরিচালনা করবেন।
অভিযুক্তদের মধ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের
পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
কামাল, বেনজীর আহমেদসহ র্যাব ও পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে
১৫ জন বর্তমানে সেনা হেফাজতে আছেন।
গত ১১ অক্টোবর ট্রাইব্যুনাল কিছু সামরিক কর্মকর্তার
বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তবে সেনা সদর জানিয়েছিল, এই কর্মকর্তাদের
মধ্যে একজন ‘অবৈধভাবে’ অনুপস্থিত এবং আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা তারা পাননি।
এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করে।