গাংনীতে বিজিবির অভিযানে হেরোইনসহ দুই যুবক আটক
মাসুদ আল হাসান, প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে হেরোইন ও ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ৫ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার কাজীপুর আলম বাজার কবরস্থানের আখড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন— কাজীপুর বুড়িপোতা গ্রামের জুনায়েদ আহমেদ (২৩) ও বামন্দী নিশিপুর গ্রামের সোহেল রানা (২৮)।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, অভিযানে ০.১০০ কেজি ভারতীয় হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৪৩ হাজার টাকা।
এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।