খুলনায় বাস ট্যাঙ্কলরীর ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
খুলনা ব্যুরো :
খুলনায় সরকারি ব্রজলাল (বি.এল) কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১৭ জুন) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার যুগ্নীপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওয়াপাড়া থেকে সরকারি বি.এল কলেজ খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা কলেজ বাসটি ফুলতলার যুগ্নীপাশা এলাকায় পৌঁছালে রূপসা পরিবহনের একটি বাস ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা মেঘনা অয়েলের একটি ট্যাঙ্কলরী সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় বি.এল কলেজের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মধ্যে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এতে ট্রাকচালকসহ ৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কলেজ বাসে থাকা শিক্ষার্থীদের বেশিরভাগই নিরাপদ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।