খুলনায় জলবায়ু সচেতনতায় ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত

 প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় জলবায়ু সচেতনতায় ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

খুলনায় জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিনব্যাপী ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন রোববার নগরের ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে এ কর্মসূচির আয়োজন করে আপস যুব সংগঠন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবেশকর্মী, উন্নয়নকর্মী, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ নাগরিকেরা অংশ নেন।

কর্মসূচিতে সিগনেচার ক্যাম্পেইন, জলবায়ুবিষয়ক জারিগান, পটগান, সচেতনতামূলক পথনাটক এবং উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং পরিবারভিত্তিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু সরকার বা উন্নয়ন সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার ও সম্প্রদায়ভিত্তিক সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।

আলোচনায় উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী বক্তব্যে আপস যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রেদওয়ানুল রুহান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই একটি সম্মিলিত দায়িত্ব। পরিবার, সমাজ ও রাষ্ট্র একযোগে কাজ করলেই টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও পরিবেশ ও জলবায়ুবিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। অনুষ্ঠানের বাস্তবায়নে সহযোগিতা করেছে "দি আর্থ সোসাইটি ইয়ুথ ফর কেয়ার। ট্যুরিজম পার্টনার ছিল ফেমাস ট্যুর বিডি।

Advertisement
Advertisement
Advertisement