ক্যাবল শিল্পের সম্ভাবনা উজ্জ্বল, বললেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী
খুলনা ব্যুরো :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের উৎপাদন কার্যক্রম লাভজনক এবং এর পণ্যের বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। তাই এ প্রতিষ্ঠানকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না।
১৬ জুন মঙ্গলবার দুপুরে খুলনার শিরোমনি এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিল্পপ্রতিষ্ঠান দক্ষতার সঙ্গে পরিচালনা করতে হবে। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের উৎপাদন ও বাজার সম্ভাবনা অত্যন্ত ভালো। এ কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এই প্রতিষ্ঠানে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেবে না।”
মন্ত্রী প্রতিষ্ঠানটির সিবিএ নেতৃবৃন্দ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিক-কর্মচারী ও ব্যবস্থাপনার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও লাভজনক ও আধুনিক শিল্পপ্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
মতবিনিময় সভায় কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এ সময় মন্ত্রী সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।