নাচোলে কৃষি দপ্তরের ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

 প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে কৃষি দপ্তরের ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত


​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রূরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ বুধবার ১৭ জুন বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এর সভাপতিত্বে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার  প্রিয়াংকা দাস। 

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় , স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম নিরাপদ ফসল ও ফল উৎপাদনে আধুনিক কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রিয়াংকা দাস কৃষকদের আশ্বস্ত করে বলেন, এ অঞ্চলে নিরাপদ ফল ও ফসল উৎপাদনে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের প্রযুক্তিগত ও প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে।

​কংগ্রেসে বক্তারা বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, নাচোল উপজেলায় বর্তমানে ৪০০টিরও বেশি গভীর নলকূপ এবং ২০০০ হাজার মত মিনি নলকূপ রয়েছে। দীর্ঘদিন ধরে এসব নলকূপের সাহায্যে জমিতে অতিরিক্ত সেচ দিয়ে বোরো ধানের চাষ করায় প্রচুর পানির অপচয় হচ্ছে, যা পরিবেশের জন্য বড় হুমকি। 

এই সংকট উত্তরণে সুধীসমাজ  বোরো ধানের চাষ কমিয়ে স্বল্প সেচের আওতায় বেশি লাভজনক ও উচ্চ ফলনশীল ফসল চাষের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় জানানো হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নদী থেকে পানি খাড়িতে (খাল) নিয়ে এসে এ অঞ্চলের পানির সংকট নিরসনে নিরলস কাজ করে যাচ্ছে।

​এ অঞ্চলের সফল ফল বাগানের উদ্যোক্তা রফিকুল ইসলাম তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, এ অঞ্চলে তিনিই প্রথম বাণিজ্যিকভাবে ফল বাগান শুরু করে ব্যাপক সফলতা পেয়েছেন। বর্তমানে এ অঞ্চলের আম বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

তাকে দেখে অনেকে বিভিন্ন জাতের আম ফলের বাগান করছেন, এমনকি নিজেদের উদ্যোগে মিনি কোল্ডস্টোরেজও স্থাপন করেছেন। তিনি এ অঞ্চলে নিরাপদ ফল উৎপাদনে কৃষি দপ্তরের আরও জোরালো সহযোগিতা কামনা করেন।

​কংগ্রেস উপলক্ষে আয়োজিত তিনটি বিশেষ প্রদর্শনী স্টলে উত্তম কৃষি চর্চা (GAP) অনুসরণের মাধ্যমে নাচোলে উৎপাদিত বিভিন্ন ধরনের উচ্চমানের রপ্তানিযোগ্য ফলের চমৎকার প্রদর্শনী করা হয়।

 অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ​উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন নূসরাত জাহান। ​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান। বিএমডিএ’র সহকারী প্রকৌশলী রেজাউল করিম। ​

​বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর সহায়তায় আয়োজিত এই পার্টনার কংগ্রেসটি এ অঞ্চলের টেকসই কৃষি ও পানি সাশ্রয়ী চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে অন্যতম ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Advertisement
Advertisement
Advertisement