বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান কেসিসি প্রশাসক মঞ্জুর
খুলনা ব্যুরো :
বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই এবং সৌরশক্তিই হতে পারে এ সংকট উত্তরণের অন্যতম কার্যকর মাধ্যম।
১৭ জুন বুধবার দুপুরে নগরীর সোনাডাঙ্গায় কেসিসির সোলার এনার্জি পার্কের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত “নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের গুরুত্ব: সমস্যা, সম্ভাবনা এবং করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, একসময় গ্রামীণ হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার ব্যবহারের প্রসার ঘটলেও পরে তা অনেকটা স্থবির হয়ে পড়ে। দক্ষ জনবলের অভাব এবং নীতিগত পর্যায়ে পর্যাপ্ত সহায়তার ঘাটতি এর অন্যতম কারণ। তিনি জানান, খুলনায় সোলার প্যানেল উৎপাদনে বিদেশি বিনিয়োগের আগ্রহ তৈরি হয়েছে, যা কাজে লাগানো গেলে এ খাত নতুন গতি পাবে।
কেসিসি প্রশাসক বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও ভূরাজনৈতিক অস্থিরতা প্রমাণ করেছে যে বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানো এখন সময়ের দাবি। এজন্য বিচ্ছিন্ন নয়, সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি সবুজ নগরীর সঙ্গে “সোলার সিটি” গড়ে তোলার আন্দোলন শুরু করতে হবে। তিনি কেসিসির সোলার এনার্জি প্রশিক্ষণ কেন্দ্র পুনরায় চালুর ঘোষণাও দেন।
সেমিনারে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিনির্ভরতার ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে আমদানিনির্ভর জ্বালানির উচ্চমূল্য শিল্প, কৃষি ও সেচ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায় সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের বিকল্প নেই।
পরিবেশ সুরক্ষা মঞ্চের উদ্যোগে আয়োজিত সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, পরিবেশবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে সৌরশক্তির সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।#