কেডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মনা, গড়তে চান আধুনিক ও বাসযোগ্য খুলনা

 প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন   |   খুলনা

কেডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মনা, গড়তে চান আধুনিক ও বাসযোগ্য খুলনা

খুলনা ব্যুরো :

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। ১৬ জুন মঙ্গলবার দায়িত্ব গ্রহণের পর তিনি খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “খুলনাকে এমনভাবে সাজানো হবে, যাতে এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে।”

নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক পরিকল্পনার সমন্বয়ে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করবেন।

তিনি আরও বলেন, এ দায়িত্ব পালনে নগরবাসীর সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া প্রয়োজন। সংশ্লিষ্ট সবার অংশগ্রহণের মাধ্যমে খুলনার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণের পর কেডিএর চলমান উন্নয়ন প্রকল্প, নগর পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিকল্পিত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন নবনিযুক্ত চেয়ারম্যান।#

Advertisement
Advertisement
Advertisement