সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: মঞ্জু

 প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন   |   খুলনা

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: মঞ্জু

মাসুদ আল হাসান, খুলনা:

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

মঙ্গলবার (১৬ জুন) সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যতে আর কোনো ১৬ জুনের মতো কালো দিবস বা বাকশাল শাসনের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে সকল মহলকে সজাগ থাকতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সবাইকে একটি কাঠামোর মধ্যে ঐক্যবদ্ধ করতে পারলে আমাদের কাজ আরও সহজ হবে।” এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, এমইউজে কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকরা।

বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement
Advertisement
Advertisement