খুলনা - মোংলা মহাসড়কে মুখোমুখি বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

 প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন   |   খুলনা

খুলনা - মোংলা মহাসড়কে মুখোমুখি বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

 খুলনা ব্যুরো :

বাগেরহাটের রামপালে মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও এলপিজিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

১৫ জুন সোমবার দুপুরে উপজেলার কবিরাজ বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মোংলাগামী আরমান পরিবহনের একটি বাস কবিরাজ বাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পেট্রোম্যাক্স এলপিজি বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি যানবাহনের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন বলেন, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়।

এদিকে স্থানীয়রা দাবি করেছেন, মহাসড়কে অতিরিক্ত গতি ও ট্রাফিক নিয়ম অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন তারা।


Advertisement
Advertisement
Advertisement