অসুস্থ মাগুরার ডিসি, ঢাকায় নেওয়া হলো বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে

 প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন   |   খুলনা

অসুস্থ মাগুরার ডিসি,    ঢাকায় নেওয়া হলো বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে

 খুলনা ব্যুরো :

মাগুরার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

১৫ জুন সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে মাগুরা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক দিনের ব্যস্ত সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পর রোববার রাতে তিনি অসুস্থ বোধ করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবীর জানান, জেলা প্রশাসক শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিকজনিত জটিলতা এবং পেটের স্নায়ুজনিত কিছু সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।

জেলা প্রশাসন সূত্র জানায়, গত দুই দিন ধরেই মোতাকাব্বীর আহমেদ শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। চিকিৎসকদের পরামর্শে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত ঢাকায় পাঠানো হয়।

প্রশাসনের কর্মকর্তারা জেলা প্রশাসকের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Advertisement
Advertisement
Advertisement